ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় রেমালের পরই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ২৮ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের পরই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
ফাইল ফটো

সারাদেশে ভয়াবহ তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। চলতি মৌসুমে কয়েক দফায় তীব্র গরম-ভারি বর্ষণের পর তাপমাত্রা নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপমাত্রা আবারও বাড়াতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ও তার কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপটি অবস্থান করছে। বৃষ্টি ঝরিয়ে এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।

সারাদেশে কয়েক দিনের ভারি বর্ষণে কেটেছে গরমের তীব্রতা। তবে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদফতর। যদিও এপ্রিল ও মে মাসের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার বান্দরবানে দেশের সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবার আবারও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসহ হতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চাঁদপুরে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের আরো বেশকিছু স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!