ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৬, ১৪ জুন ২০২৪
ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস। স্বাভাবিকভাবেই দেশে এ মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে। এরই মধ্যে আগামী সোমবার উদযাপিত হবে কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

রাজধানী ঢাকাতে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন দেশের উত্তরপূর্ব ও উত্তরপশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত হবে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে আরো জানা গেছে, ঈদের পরে আগামী ১৯ জুন থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়াগায় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ঈদের দিন ঢাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শুক্রবার খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। খুলনা ও রাজশাহী বিভাগের তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় এখনো বেশি। খুলনা বিভাগের অধিকাংশ জেলা এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এ সময়েও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!