ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

‘বেনজীরকে আর সময় দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২০ জুন ২০২৪
‘বেনজীরকে আর সময় দেওয়া হবে না’
বেনজীর আহমেদ- ফাইল ফটো

ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদ গড়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পু‌লিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে তলব করেছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)। দ্বিতীয় দফায় আগামী রোববার জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে আর সময় পাবেন না বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এ কথা জানান দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান। 

দুদক আইনজীবী বলেন, আগামী রোববার দুর্নী‌তি দমন ক‌মিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে বেনজীর আহমেদকে আর সময় দেওয়া হবে না। দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেয়ার এখতিয়ার নেই।

তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তার বিরুদ্ধে আরো অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে।

প্রসঙ্গত, গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন সংস্থায় হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু ৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে হাজির হয়ে বেনজীরের পক্ষে ১৫ দিনের সময় চান তার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুন বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ দেওয়া হয়। আগামী ২৩ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!