ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আমরা সবাই আবু সাঈদ: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৩:১০, ১০ আগস্ট ২০২৪
আমরা সবাই আবু সাঈদ: ড. মুহাম্মদ ইউনূস
আবু সাঈদের কবরের সামনে ড. ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।

শনিবার সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে। যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হবো এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয়। দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য।

Advertisement

তিনি আরো বলেন, আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই দাঁড়াবো যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশে এসেছি, সেটা যেন বাস্তবায়ন করতে পারি।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!