সচিবালয়ে ঢুকে পড়েছেন আনসার সদস্যরা
চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী আনসারদের একাংশ। রোববার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে তারা বিদ্যুৎ ভবনের দিকের সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।
রোববার দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা।
অর্ধশতাধিক আনসার সচিবালয়ে ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
.png)
সচিবালয়ে ঢুকে পড়া আনসাররা তিন নম্বর গেটের আশেপাশে শান্তিপূর্ণভাবে অবস্থান করে স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভকারীরা বলছেন, হয় আমাদের চাকরি জাতীয়করণ করেন না হয় আমাদের মেরে ফেলেন।
তারা জানিয়েছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।
নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসাররা। আনসার সদস্যের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।
এর আগে শনিবার আনসারদের আন্দোলন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রণালয়টি জানিয়েছে, সুশৃঙ্খল আনসার বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না সরকার। এছাড়া সাধারণ আনসার সদস্যদের স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।