ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
টেলিযোগাযোগ ও আইসিটি খাত

৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগেও আশানুরূপ অগ্রগতি নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ২ সেপ্টেম্বর ২০২৪
৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগেও আশানুরূপ অগ্রগতি নেই
ছবি- ডেইলি বাংলাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে ২০১০ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আশানুরূপ অগ্রগতি হয়নি।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সচিব ডা. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এডিপি বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন,  ২০১০ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর অর্থ ব্যয় করে অনেক প্রকল্প নেয়া হয়েছে, কিন্তু এর ফল পায়নি দেশের মানুষ।

তথ্য উপদেষ্টা বলেন, প্রায় সব জায়গায় দেখা যায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হয় না। এক দুইবার সময় বাড়ানোর পরে আবারো সময় বৃদ্ধির প্রয়োজন হয়। তাই এখন যে কয়েকটি প্রকল্পের সময় বাড়ানোর কথা বলা হচ্ছে, তা যেন বুঝে শুনে বাড়ানো হয়।

প্রকল্পগুলো ঠিক মতো শেষ করতে পারলে বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতে অনেক অগ্রগতি হবে যার সুফল দেশবাসী ভোগ করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

সভায় জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চারটি দফতরে ২০২৪-২৫ অর্থবছরে মোট নয়টি প্রকল্প নেয়া হয়েছে, তার মধ্যে বিটিসিএল পাঁচটি, টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি, ডাক অধিদফতর দুটি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি একটি প্রকল্প গ্রহণ করে।

সার্বিকভাবে প্রকল্প পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আগস্ট ২০২৪ পর্যন্ত জাতীয় অগ্রগতি ১.০২ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি ৩.৮৪ শতাংশ।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দফতর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও  সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

এদিকে টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে ২০১০-২৫ অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়। যার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৫ হাজার কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়েছে ৪০ হাজার কোটি টাকার প্রকল্প।

ডেইলি-বাংলাদেশ/এআইএ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!