পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’ এর ধারা ৯(২) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
.png)
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট পিআইবির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জাফর ওয়াজেদ। পরে তার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ এর ধারা-১০(২) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।
এর আগে ৮ সেপ্টেম্বর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দের (বাদল) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।