[ জাতীয় ]
ড. ইউনূসের সঙ্গে বৈঠক
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রস্তুত: জাতিসংঘ মহাসচিব
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে ড. ইউনূসের নেয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা।
বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস।
শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানসহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া চলমান উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থন করার জন্য জাতিসংঘের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব ও ড. ইউনূস।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!