ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৮ অক্টোবর ২০২৪
দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,এবারের দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। পূজা ভালোভাবেই অনুষ্ঠিত হবে এবং এতে কোনো সমস্যা হবে না। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিবারের মতো পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। তবে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বাজার সিন্ডিকেটের বিষয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। বাণিজ্য মন্ত্রণালয় খুব শিগগিরই বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে নিয়ে আসবে।

Advertisement

তিনি বলেন, যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে, তা ভেঙে ফেলা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রসঙ্গে তিনি বলেন, এটি আপনাদের দায়িত্ব, কোন স্থানে সমস্যা হচ্ছে তা সঠিকভাবে তুলে ধরার জন্য। মব কালচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও প্রয়োজন।

কৃষি খাতের সাফল্য নিয়ে উপদেষ্টা বলেন, স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি, যা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ বাড়েনি। কৃষি খাত দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

পরে, বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি এবং কৃষিপণ্য প্রদর্শনী পরিদর্শন শেষে উপদেষ্টা বিজ্ঞানীদের কাজের প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারির মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!