ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়াতে কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৯, ৯ অক্টোবর ২০২৪
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়াতে কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- ডেইলি বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে জীবন ও জীবিকার ক্ষতি এড়াতে সহজবোধ্য পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে সরকার। আর একটি কার্যকরি পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।

বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে “সবার জন্য পূর্ব সতর্কীকরণ: হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম” শীর্ষক পরামর্শক কর্মশালায় উপদেষ্টা এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, জলবায়ু ঝুঁকির কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা হুমকির মুখে রয়েছে। তাই একটি কার্যকরি পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় স্থিতিশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি শক্তিশালী হাইড্রোলজিক্যাল সিস্টেম ভবিষ্যৎ দুর্যোগের সঠিক পূর্বাভাস দিতে সহায়ক হবে। যার মাধ্যমে জীবন, সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেন সবার জন্য বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলা যায়। স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি সহজপ্রাপ্য এবং কার্যকর পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান এবং ডব্লিউএমও হাইড্রোলজি এবং পানি সম্পদ বিভাগের প্রধান ড. হুইরিন কিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!