জুলাই-আগস্ট গণহত্যা: প্রত্যেক শহিদ পরিবার পাবে ৩০ লাখ টাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় প্রত্যেক শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা দেবে সরকার। এছাড়া আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম পর্বে শহিদদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। আগামীতে আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেয়া হবে।
পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির শ্রমিকদের ব্ল্যাকআউট কর্মসূচির বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা তাদের আমাদের সঙ্গে আলোচনায় আসতে বলবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ৭ সদস্যের এ ফাউন্ডেশনে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। এই ফাউন্ডেশনকে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের পক্ষ থেকেও প্রত্যেক শহিদ পরিবারকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।