ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
জলবায়ু সহনশীলতা বৃদ্ধি

বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে ইউএসএআইডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৪, ২৩ অক্টোবর ২০২৪
বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে ইউএসএআইডি
ছবি- সংগৃহীত

জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।

বুধবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক সাহায্য সংস্থাটির পরিচালক জোসেফ লেসার্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় তারা ঘোষণাটি দেয়।

অনুদানটি ইউএসএআইডি’র ক্লিমএ্যাক্ট প্রকল্পের আওতায় ব্যবহৃত হবে, যা বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল পথ অনুসরণে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নে সহায়তা করবে।

Advertisement

প্রকল্পটি মূলত তিনটি ক্ষেত্রের ওপর গুরুত্ব দেবে। সেগুলো হলো নীতি ও পরিকল্পনা, অর্থায়ন প্রাপ্তি এবং জলবায়ু কার্যক্রমের শাসন ব্যবস্থা।

বৈঠকে ক্লিমএ্যাক্ট প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্লিমএ্যাক্ট প্রকল্প আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ইউএসএআইডি’র এ সহযোগিতা আমাদের দুর্বল জনগোষ্ঠী ও পরিবেশ সুরক্ষায় প্রচেষ্টা আরো জোরদার করবে।

তিনি আরো বলেন, ইউএসএআইডি-এর মতো বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াবে, বিশেষ করে বন্যাপ্রবণ, নদীভাঙন ও উপকূলীয় অঞ্চলে।

জোসেফ লেসার্ড বাংলাদেশে পরিবেশগত উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার ইউএসএআইডি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জলবায়ু বিষয়ক কার্যক্রমে দেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ ইউএসএআইডি-এর টিম লিডার ব্রনউইন লুয়েলিন, উইনরক ইন্টারন্যাশনাল ইউএসএ-র ফরেস্ট্রি ও ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট পরিচালক রবার্ট কেনি, উইনরক-এর পরিবেশ ও শক্তি বিভাগের সহযোগী পরিচালক ফিরাস ট্রাইশ এবং কেটি লাজার উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!