ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
জ্বালানি উপদেষ্টা

দুর্ঘটনায় হতাহতদের সর্বাত্মক সহযোগিতা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ২৫ অক্টোবর ২০২৪
দুর্ঘটনায় হতাহতদের সর্বাত্মক সহযোগিতা করবে সরকার
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার ও তাদের ওপর নির্ভরশীলদের সর্বাত্মক সহযোগিতা করবে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ডিপিডিসির কর্মীকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, এটি দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা। এই দুর্ঘটনার দায় ডিপিডিসি, কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এড়াতে পারে না। তাদের অবহেলার জন্য একজন মানুষ মারা গেছে এবং দুজন মানুষ গুরুতর আহত হয়েছেন। লাইনে কাজ করা অবস্থায় কেন লাইন চালু করা হলো? এ ব্যাপারে দায়িত্বশীল প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

তিনি আরো বলেন, বর্তমান সরকার নিহত ও আহতদের পরিবার ও তাদের ওপর নির্ভরশীলদের সর্বাত্মক সহযোগিতা করবে। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।

এ সময় তাৎক্ষণিক নিহতের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহত একজনকে ২ লাখ ও অপরজনকে ১ লাখ টাকা প্রদানের নির্দেশনা দেন ফাওজুল কবির খান। এছাড়া আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশনা প্রদান করেন। ডিপিডিসির পক্ষ থেকে হাসপাতালে সার্বক্ষণিক লোক নিয়োগের নির্দেশনা দেন।

পরে নিহত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।

গত সোমবার রাজধানীর মানিকনগর এলাকায় সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত মো. নবীর হোসেন বিদ্যুৎ লাইনের ফোরম্যান। আহতরা হলেন- মাসুম মিয়া ও রবিউল ইসলাম। তারা ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!