ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদিকে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২৮ অক্টোবর ২০২৪
সৌদিকে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান

সৌদি আরবের প্রতি জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে সৌদি আরবকে বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সোমবার সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান তেজগাঁওয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

Advertisement

প্রধান উপদেষ্টা বলেন, এখনই সেই সময়, যখন সৌদি আরব আমাদের জন্য সর্বোত্তম সহায়তা প্রদান করতে পারে। তিনি দুই দেশের সম্পর্ককে অনন্য এবং অন্যান্য দেশের তুলনায় স্বতন্ত্র বলে আখ্যায়িত করেন।

অধ্যাপক ইউনূস সৌদি রাষ্ট্রদূতকে বলেন, তিনি যেন বাংলাদেশ ব্যাংকে তহবিল জমা দেওয়ার বিষয়টি তার সরকারের কাছে উপস্থাপন করেন, যা অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়াবে। তিনি বলেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি অসাধারণ পদক্ষেপ হবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধির জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাতে তারা দক্ষ হয়ে সৌদি আরবে আরো বেশি সংখ্যায় কাজের সুযোগ পায় এবং দেশে অর্থ পাঠাতে সক্ষম হয়।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে বলেন, আরো দক্ষতা অর্জনের মাধ্যমে তারা আরো ভালো বেতন পাবেন এবং দেশে আরো বেশি রেমিট্যান্স পাঠাতে পারবেন।

বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং বছরে বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন।

রাষ্ট্রদূত আল দুহাইলান জানান, সৌদি আরব প্রতিদিন গড়ে ৫ হাজার ভিসা বাংলাদেশি অভিবাসী এবং মুসলিম হজযাত্রীদের জন্য ইস্যু করে।

২০২৩ সালে, প্রায় পাঁচ লাখ বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরব যান, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশটির রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশে বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তি খাতে আরো বিনিয়োগে আগ্রহী এবং প্রধান উপদেষ্টার দফতরের সহযোগিতা চান যাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগকে সহজতর করা যায়।

তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে দুটি শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

তিনি আরো বলেন, আমার সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারকে সমর্থন করতে প্রস্তুত।

তিনি প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের জাতীয় পাখি বাজের প্রতিকৃতি এবং পবিত্র কোরআনের একটি কপিও উপহার দেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!