ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

শহিদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি গণভবনের জাদুঘরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৬, ৭ নভেম্বর ২০২৪
শহিদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি গণভবনের জাদুঘরে
গণভবনে রাখা শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটির পাশে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি গণভবনের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হবে। এরই মধ্যে রিকশাটি স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে আনা হয়েছে।

বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম গণভবনে উপস্থিত হয়ে ঐ রিকশাটি দেখেন। এ সময় তিনি রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ নভেম্বর প্রকাশিত ‘নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূরু’ শীর্ষক সংবাদটির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিকভাবে রিকশা এবং রিকশাচালককে খুঁজে বের করার জন্য তার দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে রিকশাচালক নূর মোহাম্মদ জানান, তিনি ঐ রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন। পরে যোগাযোগ করা হলে সিদ্দিকী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন। রিকশাটি বৃহস্পতিবার জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেটের পথচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনো তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই রিকশার ছবিটি পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!