ডক্টরগিরি লিমিটেড (বাংলাদেশ) এবং ডক্টরগিরি এলএলসি (ইউএসএ) এর সহ-প্রতিষ্ঠাতা ডা. মহিউদ্দিন কাউসার এবং রাজু মাহাজন (ইএসকিউ) আজ রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের এই সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন।
ডক্টরগিরি লিমিটেডের এই নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য হলো বাংলাদেশি মানুষের জন্য টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা, সাধারণ দরকারি স্বাস্থ্য তথ্য সহজলভ্য করা, রোগীদের জন্য পেশাদার চিকিৎসকের সেবা এবং বিশেষজ্ঞদের কাছে রেফারেল সুবিধা প্রদান করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি অভিবাসী কর্মী এবং পেশাজীবীরা বিশ্বের যেকোনো স্থান থেকে সহজে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
.png)
এছাড়া, ডক্টরগিরি লিমিটেডের সেবা শুধু সাধারণ মানুষই নয়, স্বাস্থ্য সেবা প্রদানকারী ক্লিনিক এবং পেশাদার চিকিৎসকদের জন্যও বিশেষ সফটওয়্যার সেবা প্রদান করবে। এই সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে চিকিৎসকরা রোগীর রেকর্ড সংরক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শ প্রদান সহজে করতে পারবেন।
ডক্টরগিরি এর সহ-প্রতিষ্ঠাতা অ্যাটর্নি রাজু মহাজন বলেন, স্বাস্থ্যসেবা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ খাত। তবুও, অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে, এমনকি উন্নত অর্থনীতির অভিবাসীরাও উচ্চ ব্যয়ের কারণে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য হলো তাদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা।
ডা. মহিউদ্দিন কাউসার বলেন, যদিও আমাদের লক্ষ্য বিশ্বব্যাপী মানুষের সেবা করা, তবে আমাদের প্রাথমিক ফোকাস হবে বাংলাদেশি নাগরিক এবং অভিবাসীদের দিকে।
এই সেবা সারা বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষত, প্রবাসী বাংলাদেশিরা যাতে তাদের কর্মস্থল বা বাসস্থান থেকে দূরে থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা নিতে পারেন, এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।