ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
লেবানন থেকে ফিরলেন আরো ১০৫ বাংলাদেশি
চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ১০৫ বাংলাদেশি। বৃহস্পতিবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট করে তারা ঢাকায় পৌঁছান।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ।
এতে বলা হয়েছে, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় ও পুরোপুরি সরকারি ব্যয়ে গতকাল রাতে ১০৫ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এর আগে, গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন দেশে ফিরেছেন। এখন পর্যন্ত ১৫টি ফ্লাইটে সর্বমোট ৯৬৩ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এ সময় তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইওএম-এর পক্ষ থেকে লেবানন ফেরত প্রবাসীদের জন্য পাঁচ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।