ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুদকের নতুন চেয়ারম্যান, কমিশনারদের সম্পদের তথ্য প্রকাশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৭, ১১ ডিসেম্বর ২০২৪
দুদকের নতুন চেয়ারম্যান, কমিশনারদের সম্পদের তথ্য প্রকাশের আহ্বান
দুদক ও টিআইবির লোগো- ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগপ্রাপ্তদের স্বচ্ছতা নিশ্চিতে আয় ও সম্পদ বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে নিজেদের অবস্থান ও দলীয় আনুগত্য বিষয়ক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সেই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও নজিরবিহীন প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে সৃষ্ট ‘নতুন বাংলাদেশ’-এর অভীষ্টের প্রতি অনড় ও সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের গুরুদায়িত্ব গ্রহণের পরিপ্রেক্ষিতে বুধবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতির ক্রান্তিলগ্নে জনপ্রত্যাশার কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুদকের শীর্ষ অবস্থানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের স্বার্থে নিম্নোক্ত বিষয়গুলো স্বপ্রণোদিতভাবে প্রকাশের জন্য আহ্বান জানাই-

Advertisement
  • নিজের ও পরিবারের নামে-বেনামে অর্জিত আয় ও সম্পদের তথ্য।
  • আয়ের বৈধ সূত্রের সঙ্গে অর্জিত আয় ও সম্পদের সামঞ্জস্যতার তথ্য।
  • নিরপেক্ষ নিরীক্ষকের মাধ্যমে আয় ও সম্পদ বিবরণীর যথার্থতা, পর্যাপ্ততা ও সামঞ্জস্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ।
  • পেশাগত জীবনের কোনো পর্যায়ে কোনো প্রকার ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের প্রকাশিত বা অপ্রকাশিত তথ্যের বিষয়ে নিজের অবস্থান।
  • প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় রাজনৈতিক আনুগত্যের তথ্য।
  • উল্লিখিত বিষয়ে কোনো প্রকার অসামঞ্জস্যতার ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জবাবদিহি করতে প্রস্তুত মর্মে ঘোষণা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!