ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তিন শিক্ষার্থীকে ‘গুপ্তহত্যার’ প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৪
তিন শিক্ষার্থীকে ‘গুপ্তহত্যার’ প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা- ডেইলি বাংলাদেশ

জুলাই-আগস্টের অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের তিন শিক্ষার্থীকে ‘গুপ্তহত্যার’ প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হত্যাকাণ্ডের শিকার তিন ছাত্র হলেন- ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান, ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী সীমান্ত।

মঙ্গলবার রাতে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

Advertisement

এর আগে একটি প্রতিবাদী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও মহসিন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসেন তারা। এ সময় বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন। 

শিক্ষার্থীরা বলেন, একজন-দুইজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। শিক্ষার্থী নিহতের ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের, আবু বকর মজুমদার, তাহমিদ আল মুদাসসির, মিতু আক্তার, ফাতিহা শারমিন এনি, হাসিবুল ইসলামসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর দুইদিন পর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবশেষ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!