ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
উপদেষ্টা ফাওজুল কবির খান

ভাঙা হবে না হাওরের ‘অলওয়েদার সড়ক’

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ২১ ডিসেম্বর ২০২৪
ভাঙা হবে না হাওরের ‘অলওয়েদার সড়ক’
অলওয়েদার সড়ক- ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কিশোরগঞ্জ হাওরের আলোচিত ৩০ কিলোমিটার দীর্ঘ ‘অলওয়েদার সড়ক’ ভাঙা হবে না। তবে বন্যা মোকাবিলায় প্রয়োজনে হাওরের নদীগুলো ড্রেজিং করা হবে।

শনিবার কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন শেষে ইটনা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, অলওয়েদার সড়ক নিয়ে দেশের বিভিন্ন স্থানে আলোচনা হচ্ছিল। তাই সড়কটি দেখার জন্য এসেছি। সড়কটি যেহেতু হয়ে গেছে এটা নিয়ে আর আমরা ভালো-মন্দ বিতর্ক করবো না। কিন্তু এটার ফলে যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো।

Advertisement

ইটনা উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

তিনি আরো বলেন, বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে। এর কারণ নদীগুলোতে ড্রেজিং হচ্ছে না। নদীতে পলি জমে যাচ্ছে। সেজন্য আমরা পানিসম্পদ সচিবের সঙ্গে কথা বলেছি। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এগুলো শুনেছেন। এ ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, অলওয়েদার সড়কের ফলে জমিতে বালি আসছে এবং আগাছা হচ্ছে। এ বিষয়ে কৃষি সচিবের সঙ্গে কথা হয়েছে। এই বিষয়টি কীভাবে সমাধান করা যায় কৃষি উপদেষ্টার সঙ্গে কথা বলবো।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!