আরো ২ প্রতিষ্ঠান পেল সবুজ কারখানার স্বীকৃতি
বাংলাদেশের আরো দুটি কারখানাকে সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এতে দেশের পোশাক খাতে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩২টি।
সোমবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, বর্তমানে দেশের পোশাক খাতে ২৩২টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম সনদ রয়েছে ৯২টি, লিড গোল্ড ১২৬টি, লিড সিলভার ১০টি এবং সার্টিফায়েড ৪টি।
নতুন সনদ পাওয়া দুটি কারখানা হলো- আমির শার্টস লিমিটেড এবং কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। আমির শার্টস পেয়েছে ৬৬ পয়েন্ট এবং কন্টিনেন্টাল গার্মেন্টস ৭০ পয়েন্ট নিয়ে লিড গোল্ড রেটিং অর্জন করেছে।
এদিকে, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদটি পরিবেশবান্ধব স্থাপনার জন্য দেওয়া হয়, যার পূর্ণরূপ হলো ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’। এই সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির নির্ধারিত মান অনুযায়ী বিভিন্ন শর্ত পূরণ করতে হয়।
সনদ অর্জনের জন্য মোট ১১০ পয়েন্টের মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পয়েন্ট হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ পয়েন্ট হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ প্রদান করা হয়।