ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সচিবালয়ের অগ্নিকাণ্ড গুরুত্ব দিচ্ছে সরকার: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৪
সচিবালয়ের অগ্নিকাণ্ড গুরুত্ব দিচ্ছে সরকার: রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান- ফাইল ফটো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে আগুনের ঘটনাটির অবশ্যই একটা সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে। আজ যে ঘটনা ঘটেছে সেটার কারণ জানা গেলে সেই অনুযায়ী অবশ্যই সিদ্ধান্ত নেয়া হবে। এই ঘটনা আর যেন না ঘটে, আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Advertisement

তিনি আরো বলেন, আসিফ মাহমুদের কার্যালয়ে বসার কোনো সুযোগ নেই। পুরো কার্যালয়ে পুড়ে গেছে। নথিগুলো পুড়ে গেছে। এখানে নিরাপত্তার ব্যর্থতা ছিল কি না, অন্য কোনো বিষয় ছিল কি না, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আমাদের মতামতগুলো তদন্ত কমিটিকে জানাবো।

পরিবেশ উপদেষ্টা বলেন, সচিবালের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থা কি ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি অন্য কোনো দুর্ঘটনা এগুলোর উত্তর পাওয়ার জন্য তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সব সম্ভাবনা মাথা রেখে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে তদন্ত কমিটি করেছি।

তিনি বলেন, রাষ্ট্র পর্যায়ে কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে তদন্ত করতে হয়। সেই তদন্ত করে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অনেককে চাকরি থেকে সরানো হয়েছে। কাউকে কাউকে ওএসডি করা হয়েছে। কেউ কেউ কারাগারেও গেছেন। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, প্রশাসনের গতি ঠিক রেখে একই সঙ্গে আমরা ঢেলে সাজানোর কাজটা আমরা করছি। আইনি প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সরকার সে প্রক্রিয়া ফলো করছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!