সারাদেশের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে নতুন ভোটারদের দাবি, আপত্তি নিষ্পত্তিতে সংশোধন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
সোমবার ইসি সচিবালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
.png)
প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ২০২৫ সালের ১ জানুয়ারি ভোটার হিসেবে যোগ্য হবেন, তাদের বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর বিধি ১৭ অনুসারে নির্বাচন কমিশন কর্মকর্তাদের ভোটার এলাকা/অধিক্ষেত্রসমূহের খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্টরা জানান, হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া আগামী ২ জানুয়ারি প্রকাশ করা হবে। এরপর ভুল-ভ্রান্তি বা কারো কোনো দাবি, আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন জানাতে পারবেন। দাবি-আপত্তিগুলো নিষ্পত্তি করতে হবে ৩০ জানুয়ারির মধ্যে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।
ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র-
১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
৩. নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি
৪. এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতি বছরের ১ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ হয়। এ পর্যন্ত ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করবো এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারতো। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এই তথ্য পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। আমাদের হাতে থাকা ১৭ লাখ তথ্যের মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ দেশের ২৭ থেকে ২৮ লাখ মানুষ ভোটার হওয়ার যোগ্য। কিন্তু তারা নিবন্ধনের আওতায় আসেননি।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।