ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পদ্মাসেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ৩১ ডিসেম্বর ২০২৪
পদ্মাসেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের
দুদকের লোগো

১০ বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মাসেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্পে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের মাধ্যমে এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনাল ইনক-কে কার্যাদেশ দেওয়ার জন্য প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৭ ডিসেম্বর বনানী থানায় মামলা দায়ের করা হয়। ২০১৪ সালে তদন্ত শেষে দুদক আসামিদের অব্যাহতি দিয়েছিল, তবে এবার সেই মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১২ সালে দায়ের করা ঐ মামলায় মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যার সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেইন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সাবেক সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের, ইপিসির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ভাইস-প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট রমেশ শাহ ও সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল এ মামলা এজাহারভুক্ত আসামি ছিলেন।

Advertisement

মামলার তদন্তে ২০১৪ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে দুদক এখন নতুন তথ্যের ভিত্তিতে মামলাটি পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!