আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, শনিবার থেকে চলমান শীতের প্রকোপ কিছুটা কমবে। উত্তরের জনপদের মতো রাজধানীতে এ মাসে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আবহাওয়ার সিনপটিক অবস্থায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।
আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
.png)
এদিকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।
আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঐদিন ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।