ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জুলাই-আগস্টে শহিদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ৬ জানুয়ারি ২০২৫
জুলাই-আগস্টে শহিদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ
ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টা নাহিদ ইসলাম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য শেয়ার করেন।

বরাদ্দকৃত অর্থের মধ্য থেকে শহিদ পরিবারের জন্য ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এক লাখ থেকে পাঁচ লাখ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নাহিদ ইসলাম জানান, বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট হতে ব্যয়িত হবে। বাকি টাকা জুলাইতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে। 

সরকারের এই উপদেষ্টা জানান, প্রক্রিয়া অনুযায়ী, শহিদদের পরিবারকে জানুয়ারিতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং জুলাইতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে। একইসঙ্গে আহতদের নগদ অর্থের পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয়ও পর্যায়ক্রমে মেটানো হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সরকার পতনের এক দফা আন্দোলনের আগে-পরের বিক্ষোভ-সংঘাত-সহিংসতায় অন্তত ৬৫০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়-ওএইচসিএইচআর।

ওএইচসিএইচআর—এর ১০ পৃষ্ঠার ঐ প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং আন্দোলনকারীদের তথ্য অনুযায়ী ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে নিহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

আর ৫ আগস্ট ও এর পরে মৃত্যু হয় প্রায় ২৫০ জনের।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!