ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সৌদিতে আগুনে নিহত ৯ জনের মরদেহ ফিরছে বিকেলে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ২৭ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে নিহত ৯ জনের মরদেহ ফিরছে বিকেলে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দেশে ফিরছে। শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত ২৫ আগস্ট রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

শনাক্ত হওয়া আত্রাইয়ের সাতজন হলেন উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এ ছাড়া ওই দুর্ঘটনায় নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহ শনাক্ত হয়েছে।

এর আগে, ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!