ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

তিন মাসব্যাপী দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সমাবেশের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করতে পারে—২০২৪ সালের ঘটনাপ্রবাহের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানেও তরুণরা আন্তরিকভাবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ মোট সংখ্যা প্রায় আড়াই কোটি। এই বিপুল তরুণ ও শিক্ষার্থী সমাজ দেশ পুনর্গঠনে দায়িত্ব নিলে বড় ধরনের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব।’ ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের পরিবর্তনের সক্ষমতা পুরো বিশ্ব দেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির বিষয়ে তারেক রহমান বলেন, আগামী তিন মাস এ সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে। শতভাগ সফলতা সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ সাফল্য অর্জন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেঙ্গুর বিস্তারের কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে ভাঙাচোরা জিনিসপত্র, কাগজ, প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্য পড়ে থাকে। এসব জায়গায় পানি জমে এডিস মশার প্রজনন হয়। তাই সবাই সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশেরও পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!