এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
.png)
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে তিনটি কর্মসূচি ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, সফরকালে প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের সঙ্গে আরও ২০০ অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন পুলিশ কমিশনার। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকালে রাষ্ট্রপতি দুটি মাজার জিয়ারত এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এসব কর্মসূচি ঘিরেই পাঁচটি ভেন্যুতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন মির্জা ফখরুল। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাবেন।
দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।