বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব দেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
.png)
সংগঠনটির অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের মতামত উপেক্ষা করে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো পরিবহন মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করলেও যাত্রী প্রতিনিধিদের আলোচনায় রাখা হচ্ছে না বলে দাবি করেছে তারা।
যাত্রী কল্যাণ সমিতির দাবি, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কতটা ভাড়া বাড়ানো প্রয়োজন , এ বিষয়ে কোনো স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না।
সংগঠনটি আরও অভিযোগ করেছে, আগের সরকারের সময় থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার সুবিধা পরিবহন মালিকদের একচেটিয়াভাবে দেওয়ার প্রবণতা রয়েছে। ভাড়া নির্ধারণের আগে মালিক সমিতি ও সরকারের মধ্যে বৈঠক হলেও পরবর্তী সময়ে সেটিকে সব অংশীজনের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হয় বলে দাবি তাদের।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, জনস্বার্থে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ভাড়া নির্ধারণের আলোচনায় যাত্রীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।