ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আইন করলেই হবে না, বাস্তবায়নও জরুরি: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আইন করলেই হবে না, বাস্তবায়নও জরুরি: নৌমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শুধু আইন প্রণয়ন কিংবা আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন করলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

নৌপরিবহন মন্ত্রী বলেন, নিরাপদ জাহাজ চলাচল, পরিচ্ছন্ন ও আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্যের মাধ্যমে সরকারের নীতি ও পরিকল্পনার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি দেশের বন্দরগুলোর আধুনিকায়ন, অটোমেশন ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্য খালাসের সময় কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ফ্ল্যাগ স্টেট ও পোর্ট স্টেট কন্ট্রোল কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নৌপরিবহন অধিদপ্তরের নিয়ন্ত্রণ ও পরিদর্শন সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের নাবিকরা বিশ্ব অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী গুরুত্বপূর্ণ সামুদ্রিকসম্পদ। তাদের কল্যাণ, প্রশিক্ষণ, সনদায়ন ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের বিনিয়োগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নৌ খাতের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!