আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তাঁর বিরুদ্ধে হত্যা, গণগ্রেপ্তার ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলতে দেখা যায়।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চেয়ে বারবার প্রশ্ন করতে শোনা যায়। একপর্যায়ে তিনি ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’
ওই ব্যক্তি বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগও তোলেন। একই সঙ্গে ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেন তিনি।
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তিনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি কেন এখানে এসেছেন?’
তবে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের পরিচয়, ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।
অন্তর্বর্তী সরকারের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা হয়েছে। তবে নিউইয়র্ক বিমানবন্দরে উত্থাপিত নির্দিষ্ট অভিযোগগুলোর পক্ষে যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি।