মেট্রোরেল লাইন-১-এর দুই প্যাকেজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি প্যাকেজের নকশা ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। চুক্তির আওতায় রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে ঢাকার মেট্রোরেল প্রকল্পে বড় কাজ পেয়েছে এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চুক্তি দুটির সম্মিলিত মূল্য ৫ হাজার কোটি ভারতীয় রুপির বেশি।
চুক্তির একটি হলো কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৯। এর আওতায় রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক স্থাপনার নকশা, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করা হবে। এ প্যাকেজে এলঅ্যান্ডটির সঙ্গে কাজ করবে জাপানি প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন।
অন্য প্যাকেজ সিপি১০-এর আওতায় পুরো নেটওয়ার্কে সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করবে এলঅ্যান্ডটি।
প্রতিষ্ঠানটির পরিবহন অবকাঠামো বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে আবারও কাজের চুক্তি পাওয়া বড় ও সমন্বিত নগর পরিবহন প্রকল্প বাস্তবায়নে এলঅ্যান্ডটির সক্ষমতার প্রতিফলন।
তিনি বলেন, ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পেও সংশ্লিষ্ট নির্মাতা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ সম্পন্ন করতে তারা প্রস্তুত।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প ঢাকা মেট্রোরেল লাইন-১। প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে দুটি রুট রয়েছে। এর একটি কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত, অন্যটি নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, এতে ১৯টি স্টেশন ও পিতলগঞ্জে একটি ডিপো থাকবে।
এর আগে ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলব্যবস্থা স্থাপনের কাজও পেয়েছিল এলঅ্যান্ডটি। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে।
এদিকে রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে সরকার একাধিক মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রতিবেদনে তিনটি মেট্রোরেল প্রকল্পে মোট প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।