মিরপুরের প্যারিস খাল পরিষ্কারে তরুণ স্বেচ্ছাসেবীরা
মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা ও জলাবদ্ধতা কমাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের আওতায় তিন দিনব্যাপী এ অভিযান চলছে।
মঙ্গলবার শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। খাল থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার কাজ করছেন গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যত বাধাই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের সীমানা নির্ধারণের কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ শেষ হয়েছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ডিএনসিসি প্রশাসক।
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে বলেন, ঢাকার জলাবদ্ধতা কমাতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা জরুরি। এ উদ্যোগের প্রশংসা করে তিনি খালের দীর্ঘমেয়াদি উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
ফুটস্টেপস বাংলাদেশ জানায়, এ অভিযানের উদ্দেশ্য শুধু খাল পরিষ্কার করা নয়, বরং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোও। খালটি যাতে আবার বর্জ্যের ভাগাড়ে পরিণত না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, দেশ ও শহর পরিষ্কার রাখা সবার দায়িত্ব। মানুষকে সচেতন করার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই তাঁদের সংগঠন এ উদ্যোগে যুক্ত হয়েছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, খাল পরিষ্কারের পর দুই পাড়ে হাঁটার পথ, বসার জায়গা ও সবুজ পার্ক নির্মাণ করা হবে। তাঁরা স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন। তাঁদের আশা, এ উদ্যোগ ঢাকার অন্যান্য খাল রক্ষায়ও তরুণদের উৎসাহিত করবে।
গো আপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক সংগঠন। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে।