দুর্গম পার্বত্য এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ১৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের আওতাধীন জোনগুলোর উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কার্যক্রমের আওতায় স্থানীয় জনগণকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়।
এসব উদ্যোগের মাধ্যমে দুর্গম পার্বত্য এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি প্রতিষ্ঠা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তারা নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।