এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ভবিষ্যতে ফলাফলের উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, ফলাফলের ঘাটতি কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো চেষ্টা চালিয়ে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব—আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, গত এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। কোনো শিক্ষার্থী যেন মূল্যায়নের ক্ষেত্রে বঞ্চিত না হন, সেদিকে নজর রেখে কাজ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।