আজ বাংলাদেশের সংবিধান দিবস
আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তবে সংবিধান কার্যকর হয় একই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে।
বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের সংবিধানে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি নির্ধারণে সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।
সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে। পরে ৪ নভেম্বর গণপরিষদে তা গৃহীত হয়।
বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও ৭টি তফসিল ছিল। এতে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কাঠামো, নাগরিকের মৌলিক অধিকার, সরকারের ক্ষমতা ও দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।
প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।