মজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায়
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবির মধ্যে আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা। পূর্বনির্ধারিত সময় বিকেল ৩টার পরিবর্তে সভাটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি এবং সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ বোর্ড গঠন করা হয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করছেন।
ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব পরিস্থিতিতে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে এবং কোথাও কোথাও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।
বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বশেষ নির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি নির্ধারণ করা হয়, যা একই বছরের ডিসেম্বরে কার্যকর হয়। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, প্রতি তিন বছর পরপর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে।
এর আগে মঙ্গলবার মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমান দ্রুততম সময়ের মধ্যে প্রথম সভা আয়োজন এবং নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।