ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
দিবসটির কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর নির্ধারিত কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক দেওয়া হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আরেকটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেবেন।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং সংশ্লিষ্ট ঘাঁটিতে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আজ বেলা ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত নিকটস্থ ঘাটে নোঙর করা এসব জাহাজ দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন।