ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে

পাগলা মসজিদের ১৫ দানসিন্দুকে মিলেছে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ২১ নভেম্বর ২০২৬
পাগলা মসজিদের ১৫ দানসিন্দুকে মিলেছে ৫১ বস্তা টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রায় পাঁচ মাস পর আবারও খুলল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার ১৫টি দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। চলছে গণনার কাজ। বিপুল পরিমাণ এই দান ঘিরে উৎসুক মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম ,জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল হক এর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হলো মসজিদের ১৫টি লোহার দানবাক্স। টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয় শতাধিক মানুষ।
এর আগে সর্বশেষ দানবাক্স খুলে গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

জেলা প্রশাসক জানিয়েছেন, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। পাশাপাশি মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অনুদান এসেছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

উল্লেখ্য, দেশ-বিদেশের অসংখ্য মানুষের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রতিবারই দানবাক্স খোলার পর পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!