ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]
এক সঙ্গে জীবন দিতে গিয়ে

যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ১৭ জুলাই ২০২৬
যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা
এআই দিয়ে তৈরি করা ছবি।

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যমুনা নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে প্রেমিকাকে নিয়ে সেতুতে যান এক যুবক। তবে যুবক নদীতে ঝাঁপ দেওয়ার পর তাকে উদ্ধার বা পুলিশকে খবর না দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার প্রেমিকা। পরে স্থানীয় ডুবুরি ও পুলিশের দ্রুত অভিযানে প্রাণে বেঁচে যান ওই যুবক।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে এ ঘটনা ঘটে। যমুনায় ঝাঁপ দেওয়া যুবকের নাম অনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণ-তরুণীকে একসঙ্গে সেতুতে আসতে দেখা যায়। তাদের আচরণ দেখে আত্মহত্যার আশঙ্কা তৈরি হয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই অনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী উদ্ধারের কোনো চেষ্টা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

Advertisement

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় দক্ষ ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। রুদ্ধশ্বাস অভিযানের একপর্যায়ে অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

আত্মহত্যার চেষ্টার কারণ এবং যুবকের ঝাঁপ দেওয়ার পর তরুণীর পালিয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজ ওই তরুণীর সন্ধানেও তল্লাশি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!