প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন।
এর আগে প্রতারণার একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
.png)
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
মামলার নথি অনুযায়ী, পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ হোসেন।
চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
পরবর্তীতে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।
বাদীর অভিযোগ, পরবর্তীতে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়।
প্রতারণার এ মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেপ্তার হওয়া বিদিশা এরশাদের জামিন আবেদন বুধবার নামঞ্জুর করেন আদালত।