ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৬
জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো: জামায়াত আমির
শাপলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে। জনগণ গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভোগার পরও তাদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরুর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

Advertisement

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা মাঠে নেমেছেন এবং জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ লংমার্চ দেশের সাধারণ মানুষের কর্মসূচি। কর্মসূচিতে বাধা দেওয়া হলে সব বাধা উপেক্ষা করেই বহর চট্টগ্রামে পৌঁছাবে। তিনি দাবি করেন, ১১ দলের ছয় দফা দাবি উপেক্ষিত হলে তা এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে। তার দাবি, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলোও পূরণ করেনি। তিনি সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!