বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। নতুন করে আগামী ৬ অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৪৩ বার পেছাল।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান নতুন তারিখ নির্ধারণ করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাঝহারুল ইসলাম।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকার দোহার থানার মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। রাজধানীর হাজারীবাগে তার বাড়ি।
সানি নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দল অভিযান শুরু করে। ওই দিন রাতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন ১৫ জুলাই সকাল ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই দিন বিকেলে সানির বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে দোহার থানায় হত্যা মামলা করেন। মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করা হয়। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন।
মামলার আসামিরা হলেন—শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।