ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

স্পিকারের আচরণে হতাশ বিরোধী দল বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৬
স্পিকারের আচরণে হতাশ বিরোধী দল বললেন নাহিদ ইসলাম
সংগৃহীত ছবি

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে স্পিকার বিরোধী দলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্পিকারের এমন আচরণকে পক্ষপাতদুষ্ট ও অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে বিরোধী দলের নেতারা দিনটিকে সংসদের ইতিহাসে ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেন।

Advertisement

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের কাছে সুযোগ চেয়েছিলেন। কিন্তু তাকে কথা বলার অনুমতি না দিয়ে স্পিকার বিষয়টি নিয়ে মশকরা করেছেন। স্পিকারের কাছ থেকে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের মতামতকে গুরুত্ব না দিয়েই সরকার তাড়াহুড়া করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ ও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে। তার দাবি, প্রস্তাবিত দুটি আইনে স্বাধীনভাবে তদন্ত পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ রাখা হয়নি।

এদিকে সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়েও আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান। তিনি দাবি করেন, বিলটি কুরআন ও সুন্নাহর পরিপন্থি। আইনমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ইসলামী বিধান সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় বিষয়টি সংসদে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

নজিবুর রহমান বলেন, সংসদের স্পিকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু স্পিকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে মানবাধিকার ও গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের পরিবর্তে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনগুলোকে দুর্বল করে সংসদে পাস করেছে বলেও অভিযোগ করেন তিনি।

পাস হওয়া আইনগুলোকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে নজিবুর রহমান আশঙ্কা প্রকাশ করেন, এসব আইনের ফলে মানুষের মানবাধিকার আরও সংকুচিত হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে গুম ও হত্যার মতো ঘটনার সুযোগ তৈরি হওয়ার আশঙ্কাও জানান তিনি। তার অভিযোগ, দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের অভিজ্ঞতা উপেক্ষা করে সরকার আবারও আগের ধারাতেই দেশ পরিচালনা করছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!