ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণে ১৫ একর জমি হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৬
রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণে ১৫ একর জমি হস্তান্তর
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া ১৫ একর জমি রেজিস্ট্রেশন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জমি রেজিস্ট্রেশন ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল রামুতে টেকনিক্যাল সেন্টার নির্মাণের ঘোষণা দেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মন্নান, বাফুফের কর্মকর্তারা, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল মন্নান বলেন, ‘কক্সবাজার থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামীর দিনের ফুটবল তারকারা।’

তিনি বলেন, রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠা কক্সবাজারের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি হবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা বাফুফের অন্যতম লক্ষ্য। রামুতে টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনাময় ফুটবলারদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম নিয়েও কাজ করা হবে। পর্যটননির্ভর এ জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে খেলাধুলা ও পর্যটনকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ক্রীড়াঙ্গনের পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রামুতে ১৫ একর জমির ওপর বাফুফের টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে কক্সবাজারের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান তরুণদের ফুটবল প্রশিক্ষণের সুযোগ বাড়বে। দীর্ঘমেয়াদে এ কেন্দ্র থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় উঠে আসার সম্ভাবনাও তৈরি হবে।

জমি রেজিস্ট্রেশন ও হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষ করে টেকনিক্যাল সেন্টারের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠা হলে কক্সবাজারের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে এ অঞ্চলের তরুণদের ফুটবলে ক্যারিয়ার গড়ার সুযোগও আরও বিস্তৃত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!