ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

শবে বরাতে রাতব্যাপী ইবাদতে মুখর থাকবে বায়তুল মোকাররম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ৬ মার্চ ২০২৩
শবে বরাতে রাতব্যাপী ইবাদতে মুখর থাকবে বায়তুল মোকাররম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ- ফাইল ফটো

পবিত্র শবে বরাত পালিত হবে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে। এ উপলক্ষে ঐদিন বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন আয়োজন।

সোমবার ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত (১৪৪৪ হিজরি) উপলক্ষে ৭ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 
অনুষ্ঠানসূচির বিবরণীতে বলা হয়েছে- মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমীন। 

Advertisement

রাত ৮টা ৫০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা করবেন মহাখালী গাউছুল আযম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

রাত সাড়ে ১২টায় নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন শাহজাদা লেন জামে মসজিদ, বাদামতলীর খতিব শায়খুল হাদিস মুফতী নজরুল ইসলাম কাসেমী।

রাত ৩টা ১৫ মিনিটে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতী মো. মিজানুর রহমান। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ভোর ৫টা ৩০ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: শবে বরাত
লিংক সফলভাবে কপি হয়েছে!