মহররম মাসে আশুরা উপলক্ষ্যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা পালনের ৪টি অবস্থা ছিল। তাহলো-
(১) মক্কায়: রাসূলুল্লাহ (সা.) মক্কায় অবস্থানকালীন সময়ে নিজে আশুরার রোজা পালন করেছেন কিন্তু কাউকে সে সময় রোজা রাখতে নির্দেশ দেননি।
.png)
(২) মদিনায়: রাসূলুল্লাহ (সা.) যখন মদিনায় আগমন করলেন, তখন ইয়াহুদিদেরকে এই দিনে রোজা রাখতে দেখে কারণ জিজ্ঞাসা করে জানার পর তিনিও এই দিনে রোজা পালন করাকে পছন্দ করলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন।
(৩) দ্বিতীয় হিজরিতে: হিজরি দ্বিতীয় বছরে যখন রমজানের রোজা ফরজ হয় তখন তিনি সাহাবাদেরকে আাশুরার রোজা রাখার আর নির্দেশ দেননি। অন্য বর্ণনায় রয়েছে, তিনি সাহাবাদেরকে আর নির্দেশও করেননি আবার নিষেধও করেননি।
(৪) রাসূল (সা.) এর ইন্তেকালের আগে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের আগে মহররম মাসের ১০ তারিখে নিজে রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখতে নির্দেশ দিলেন তখন সাহাবাগণ বললেন-হে আল্লাহর রাসূল! এই দিনটিতে ইয়াহুদিরাও উৎসবের দিনে হিসেবে গণ্য করে থাকে এবং রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন সামনের বছর আসবে তখন ইনশাআল্লাহ! আমরা ৯ মহররমও রোজা পালন করবো। হজরত ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, পরবর্তী বছরের মহররম মাস আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছিলেন’। (মুসলিম)
সুতরাং মুমিন মুসলিম উম্মাহর উচিত, গুরুত্বসহকারে আশুরার রোজা পালন করা। যাতে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদা।