বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এদিন মোট সাতটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি, সৌদি এয়ারলাইনসের দুটি এবং ফ্লাইনাসের দুটি ফ্লাইট রয়েছে।
.png)
জানা গেছে, এ বছর হজে যেতে ৮৩ হাজার ৩১১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন নিবন্ধন করেছেন।
বুধবার পর্যন্ত ৪২ হাজার ৮৪৬ হজযাত্রীর ভিসা হয়েছে। এখনো ৪০ হাজার ৪৬৫ জনের ভিসা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, অনেক এজেন্সি এখনো সৌদি আরবে বাড়ি ঠিক করতে পারেনি। আরো কিছু কাজ বাকি। এজন্য ভিসা সম্ভব হয়নি।
জানা গেছে, এজেন্সিগুলো মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করতে গাফিলতি করছে। কম দামে বাড়ি খুঁজতে গিয়ে তারা সময় ক্ষেপণ করেছে। এজেন্সিগুলোর কারণে হজযাত্রীদের এ উৎকণ্ঠার মধ্যে পড়তে হয়েছে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম অবশ্য বলছেন, এখনো তিন দিন সময় আছে। এর মধ্যে সবার ভিসাপ্রক্রিয়া শেষ হয়ে যাবে।
গত ২৯ এপ্রিল পর্যন্ত হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিল। ঐ সময়ের মধ্যে ২৫৯টি এজেন্সির অনেকেই ভিসার কার্যক্রম শেষ করতে পারেনি। এরপর ৭ মে পর্যন্ত, পরে ১১ মে পর্যন্ত সময় বাড়ায় ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্লাইট শুরুর কমপক্ষে ছয় ঘণ্টা আগে আশকোনায় হজ অফিসে উপস্থিত হতে হজযাত্রীদের অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।