ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ ধর্ম ]

এআই দিয়ে কণ্ঠস্বর নকল ও প্রতারণা নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ১০ অক্টোবর ২০২৬
এআই দিয়ে কণ্ঠস্বর নকল ও প্রতারণা নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, কণ্ঠস্বর নকল, প্রতারণা এবং অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ আস-সুদাইস। সৌদি প্রেস এজেন্সির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুতবায় তিনি বলেন, আধুনিক প্রযুক্তি মানুষের জন্য আল্লাহর অন্যতম নিয়ামত। তাই এর যথাযথ ব্যবহার, কল্যাণকর কাজে প্রয়োগ এবং অপব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে এ নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

তিনি মুসলিমদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইসলামের শরিয়াহ ও নৈতিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তাঁর মতে, প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

গুজব ও অপপ্রচারে ক্ষুণ্ন হয় মানুষের সম্মান

শায়খ আস-সুদাইস বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম চরিত্র, নৈতিকতা ও শুদ্ধ আচরণের শিক্ষা দেয়। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের এ সময়ে ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও ইসলামের নৈতিক নির্দেশনা অনুসরণ করা জরুরি।

তিনি পবিত্র কোরআনের সুরা গাফিরের ১৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, ‘তিনি চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন।’

ইমাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বহীন ব্যবহার মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে পারে। এর মাধ্যমে গুজব, অপবাদ, মানহানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে মানুষের সম্মান, অধিকার ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ভুয়া সংবাদ প্রচারকারী প্ল্যাটফর্ম এবং প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডিজিটাল মাধ্যমে লেখা, বলা, পুনঃপ্রকাশ কিংবা শেয়ার করা প্রতিটি বিষয়েই নৈতিক দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অসতর্কভাবে বলা একটি কথা কখনো মানুষের কল্যাণ বয়ে আনতে পারে, আবার কখনো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা কাফের ১৮ নম্বর আয়াত উদ্ধৃত করেন, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে, তার কাছে একজন সদা প্রস্তুত প্রহরী রয়েছে।’

এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠস্বর নকলের বিষয়ে সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন শায়খ আস-সুদাইস।

তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বিকৃত করা, কারও কণ্ঠস্বর নকল করা কিংবা কোনো ব্যক্তি এমন কথা বলেছেন বা এমন কাজ করেছেন বলে মিথ্যা ভিডিও, ছবি ও বিবৃতি প্রচার করা ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী। এসব কর্মকাণ্ড মানুষের সম্মান ও গোপনীয়তা লঙ্ঘন করে এবং সমাজে মিথ্যাচার ছড়িয়ে দেয়।

যেকোনো সংবাদ, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা হুজুরাতের ৬ নম্বর আয়াতের নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, কোনো ব্যক্তি সংবাদ নিয়ে এলে তা যাচাই করে দেখা উচিত, যাতে অজ্ঞতাবশত কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের ক্ষতি না হয় এবং পরে অনুশোচনা করতে না হয়।

পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

খুতবায় শায়খ আস-সুদাইস মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর চালানো হামলারও তীব্র নিন্দা জানান। এসব কর্মকাণ্ডকে ইসলামী শরিয়াহ, মুসলিমদের ধর্মীয় অনুভূতি এবং আন্তর্জাতিক রীতিনীতি ও প্রথার পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও মর্যাদা অলঙ্ঘনীয়। এগুলোর নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা জরুরি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!